সত্যের অনুসন্ধান
August 25 2018
সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য ফাইলের দ্রুত সমাধান করে বেতন বৈষম্য নিরসনে সড়ক,পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে আলোচনা করেছে প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট।
গত ২৪ আগস্ট সমিতির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সাথে কোম্পানীগঞ্জ ডাকবাংলা অডিটোরিয়ামে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন ও কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি শাহিদা আক্তার শিক্ষকদের পক্ষ থেকে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্যের চিত্র এবং সহকারী শিক্ষকদের আন্দোলন ও বেতন বৈষম্য নিরসন ফাইলের বর্তমান অবস্থা মন্ত্রীর কাছে উপস্থাপন করেন এবং এই বৈষম্য নিরসনে মন্ত্রী মহোদয়ের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
শিক্ষকদের কাছ থেকে বিস্তারিত শুনার পর মন্ত্রী বলেন, সহকারী শিক্ষকদের ২৩ ডিসেম্বরের অনশন সম্পর্কে আমি অবগত আছি। তবে আপনারা এটা নিয়ে এর আগে আমার কাছে আসেন নি। এখন আপনারা আমার কাছে এসেছেন। আপনাদের সমস্যার বিস্তারিত লিখিতভাবে দিন। আমাকে বিস্তারিত পড়ে বুঝতে হবে। তারপর আমি আপনাদের মন্ত্রীর সাথে কথা বলব এবং আমার রেফারেন্স সহ আপনাদের লিখিত সমস্যা আপনাদের মন্ত্রীর কাছে পাঠাব। আর এটা নিয়ে আমি খুব দ্রুত আবারো আপনাদের সাথে বসব।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ভাই, সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক আবদুল কাদের জিলানী ও মোঃ ফিরোজ আলম, সহ মহিলা সম্পাদক রেহানা সুলতানা মনি, কেন্দ্রীয় সদস্যা আবদুস শহিদ, মোঃ ইউনুস,নোয়াখালী জেলা সভাপতি মোঃ মনির উদ্দিন, সাধারণ সম্পাদক তারেক সালা উদ্দিন, অর্থ সম্পাদক আশিষ মজুমদার, লক্ষীপুর জেলা আহবায়ক নুরনবী চৌধুরী, বেগমগঞ্জ উপজেলা সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাসের আতিক, সেনবাগ উপজেলা সভাপতি মোঃ সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক দিলিপ ভৌমিক, কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, কবির হাট উপজেলা সভাপতি আবদুল করিম, রামগতি উপজেলা সভাপতি আব সায়েদ, সাধারণ সম্পাদক মমিন উল্যা, শিক্ষক নেতা আলতাফ উদ্দিন, আনোয়ার হোসেন, আলাউদ্দিন, নুর ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।